পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ মে, ২০২৬, আপডেট ১৭:৩০
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। মঙ্গলবার (১২ মে) পদত্যাগের আহ্বান উপেক্ষা করে মন্ত্রীদের বলেছেন, তিনি ‘শাসনকার্য চালিয়ে যাবেন।’
স্থানীয় নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। মন্ত্রিসভায় তার থাকা না-থাকা নিয়ে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে দুই বছরেরও কম সময় ধরে শীর্ষ পদে থাকা স্টারমার জানিয়েছেন, তিনি তার লেবার পার্টির অন্যতম ভয়াবহ নির্বাচনী পরাজয়ের দায়ভার নিচ্ছেন। তবে নেতৃত্ব নির্বাচনের জন্য কোন আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি। তাই তিনি পদত্যাগ করছেন না।
২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর থেকে কেলেঙ্কারি ও নীতিগত ইউ-টার্নে জর্জরিত স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টায় ব্রিটেনের সমস্যাগুলো মোকাবিলায় আরও সাহসী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন, “আমি গতকাল যেমনটা বলেছি, এই নির্বাচনের ফলাফলের জন্য আমি দায় নিচ্ছি এবং আমরা যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের দায়ও আমি নিচ্ছি।”
স্টারমার মন্ত্রিসভাকে জানিয়েছেন, নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জের প্রক্রিয়া কেউ শুরু করেনি এবং তিনি পদত্যাগ করছেন না।
ইউডি/রেজা

