চীনের সিনোভ্যাকের পোলিও টিকা অনুদান পেল বাংলাদেশ

চীনের সিনোভ্যাকের পোলিও টিকা অনুদান পেল বাংলাদেশ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ মে, ২০২৬, আপডেট ১২:৫৩

বাংলাদেশ সরকারের জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও বেগবান ও কার্যকর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।

বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অনুদান গ্রহণ করা হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের এই সময়ে টিকা সহায়তা দিয়ে চীন আবারও প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু। হামের টিকার ব্যবস্থা করা গেলেও সামনে ডেঙ্গু, পোলিও ও হান্টাসহ বিভিন্ন রোগ মোকাবিলার চ্যালেঞ্জ রয়েছে। তবে পোলিও, যক্ষ্মাসহ যেসব রোগের টিকা প্রয়োজন, সেগুলোর কোনো ঘাটতি নেই এবং টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী আরও বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। যারা এখনও টিকা পায়নি, তাদের দ্রুত আওতায় আনা হবে। এছাড়া শিগগিরই ‘ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন হলে এর সংখ্যা আরও বাড়ানো হবে।

সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডিরেক্টর লি নিং বলেন, বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে সিনোভ্যাক গর্বিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফায়েড ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও (sIPV) ভ্যাকসিন অনুদান দিতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, পোলিও শিশুদের জন্য একটি গুরুতর সংক্রামক রোগ। টিকাদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আমরা আশা করি, এই অনুদান বাংলাদেশের ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং দেশের পোলিও নির্মূল প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হুয়াং মউচং, সিনোভ্যাক বায়োটেকের হেড অব ইন্টারন্যাশনাল রেগুলেটরি ওয়াং পেং, স্বাস্থ্য অধিদপ্তর, ইপিআই, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading