ইংল্যান্ডের ফিল্ডিং কোচের দায়িত্বে সাবেক নারী ক্রিকেটার

ইংল্যান্ডের ফিল্ডিং কোচের দায়িত্বে সাবেক নারী ক্রিকেটার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, আপডেট ০৯:০০

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন বর্তমানে আইপিএলে ব্যস্ত থাকায় তার অনুপস্থিতিতে দায়িত্ব পেয়েছেন সাবেক নারী ক্রিকেটার সারা টেলর। তিনি আসন্ন ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে বেন স্টোকসদের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন।

৩৭ বছর বয়সী টেলরের জন্য পুরুষ দলের সঙ্গে কাজ করা নতুন কিছু নয়। এর আগে ইংল্যান্ড লায়ন্সে অ্যান্ড্রু ফ্লিনটফের কোচিং স্টাফে কাজ করেছেন তিনি, যা তাকে জাতীয় দলে সুযোগ পেতে সহায়তা করেছে।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে তিনিই প্রথম নারী কোচ যিনি কোনো সিনিয়র পুরুষ আন্তর্জাতিক দলে কাজ করছেন।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া টেলর ২২৬ ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। উইকেটকিপার হিসেবে তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা, এবং ২০১৭ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন। অবসরের পর তিনি সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের পুরুষ দলের সঙ্গেও কাজ করেছেন।

তার নিয়োগ প্রসঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক রব কি বলেন, টেলর তার কাজের মাধ্যমে বিশ্বের সেরাদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং তিনি ইতিমধ্যে অ্যান্ড্রু ফ্লিনটফ ও পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নির সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ করেছেন।

সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারে, যেখানে ফিল্ডিং ব্যর্থতা বড় সমালোচনার কারণ হয়। ওই সিরিজে ইংল্যান্ড ১১টি ক্যাচ মিস করেছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৪ জুন লর্ডসে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading