রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, আপডেট ১৩:৫৮

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার দুপুরের আগে স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১১টা ৪১ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা ও অফিস থেকে বের হয়ে আসেন।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর বলেন, বেলা ১১টা ৪১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হওয়ায় উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, সকাল ১১টা ৪২ মিনিটের দিকে ভূকম্পনটি অনুভূত হয় এবং এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।
সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূবে। এছাড়া এটি ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূবে অবস্থিত ছিল।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশে। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ডের জন্য ভবন কেঁপে ওঠে। কেউ কেউ প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিশ্চিত হন।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পের দিক থেকে একটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছে। ইন্ডিয়ান, ইউরেশীয় ও বার্মা—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় দেশে মাঝেমধ্যে ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

বিশেষ করে আগে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও এখন ভূমিকম্পের ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, দেশের বিভিন্ন সক্রিয় ফল্ট লাইনে চাপ সঞ্চিত হওয়ায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading