ঈদ উৎসবের আমেজ বাড়াল মিম-শুভর ‘গুলগুলি পিঠা’

ঈদ উৎসবের আমেজ বাড়াল মিম-শুভর ‘গুলগুলি পিঠা’

উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ মে, ২০২৬, আপডেট ১০:০০

আসন্ন ঈদের সিনেমার মিছিলে যেন বড়সড় ধামাকা হতে যাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম- এর অ্যাকশন সিনেমা ‘মালিক’। সদ্য প্রকাশ পাওয়া ট্রেলার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এমন আবহে মুক্তি পেল সিনেমাটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’, যা ঈদ উৎসবের আমেজ বাড়িয়ে দিয়েছে।

আরিফিন শুভ সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মিউজিক ভিডিওটি৷ আর তা শেয়ার হতেই সামাজিক মাধ্যমে তুমুল সাড়া ফেলে।

গানটির ওপেনিং এই ভেসে ওঠে মিমের এক অনন্য অবতার। বলা যায়, পুরো গানের মূল আকর্ষণ ছিলেন মিম। ঝলমলে খয়েরি রঙের জমকালো ট্র্যাডিশনাল ফিউশন পোশাকে শুরু কোমর দুলানি, সঙ্গে আবেদনময়ী এক্সপ্রেশন। এরপরই আরিফিন শুভর রাফ-টাফ লুকের এন্ট্রি যোগ করে আলাদা মাত্রা। দর্শকদের মন্তব্য, যেন তামিল ইন্ডাস্ট্রিজের কোনো কনটেন্ট দেখছেন তারা।

আদিত রহমানের মিউজিক কম্পোজিশনে এই আইটেম সং-এর বাদ্যের ঝংকার ছিল শিহরণ জাগানোর মতো, যা উৎসবের আমেজ তৈরি করতে যথেষ্ট। শ্রোতাদের অধিকাংশের মত, ‘আইটেম সংটা শুনে এবার ঈদ ঈদ মনে হচ্ছে।’

চমকপ্রদ এই পাওয়ারফুল গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় পপ শিল্পী মিলা এবং সংগীতশিল্পী প্রতীক হাসান। লুৎফর হাসানের কথায় লেখা হয়েছে গানটি। শ্রোতাদের অনেকে গানটির কথা নিয়েও প্রশংসা করেছেন।

এদিকে গানটি শেয়ার করে শুভ বেশ রসিকতা করেই ক্যাপশনে লিখেছেন, ‘ঈদের গোস্ত তো খাইবেনই… আগে ‘গুলগুলি পিঠা’ ট্রাই করেন। ‘মালিক’ আইতাছে ঈদে।’

উল্লেখ্য, দীর্ঘদিন পর পর্দায় এত দুর্দান্ত কোনো আইটেম ড্যান্স-এ দেখা গেল বিদ্যা সিনহা মিমকে। এদিকে অনেকদিন পর ‘মালিক’ সিনেমার মাধ্যমে এই নায়িকার সঙ্গে শুভর রসায়ন দেখতেও মুখিয়ে দর্শক।

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় মূলত এক জেদি মানুষের গল্প তুলে ধরা হয়েছে, যে অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে। এই সিনেমার ট্রেলারের সাফল্যের পর এবার প্রথম গান ‘গুলগুলি পিঠা’ দিয়ে ঈদের বাজারে ‘মালিক’ যে বেশ শক্ত অবস্থান গড়তে যাচ্ছে, সেই আভাস স্পষ্ট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading