টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ জুন, ২০২৬, আপডেট ১৪:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ইন্ডিয়া-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে এ সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম এবং বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ ছিল। টানা সাত দিনের ছুটি শেষে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ইন্ডিয়ান পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করে।
তিনি আরও জানান, বন্দরে প্রবেশ করা ট্রাক থেকে পণ্য খালাসের কাজ চলছে। পরে দেশীয় ট্রাকে পণ্য লোড করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। ফলে বন্দরে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। সোমবারও যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।
দীর্ঘ ছুটি শেষে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন খাতে আবারও কর্মব্যস্ততা ফিরে এসেছে।
ইউডি/রেজা

