মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে ৫৫

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে ৫৫

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, আপডেট ১৩:১০

মিয়ানমারে শান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। জেড পাথরের খনিতে ব্যবহারের জন্য রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ায় এই বিপর্যয় ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দু’টি গ্রামের প্রায় ৩০০ বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন।

শান প্রদেশের নামখাম জেলার কাউং তাত গ্রামে ঘটে শক্তিশালী এই বিস্ফোরণ। বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ-এর নিয়ন্ত্রণাধীন এই এলাকায় মাঝরাতের আকস্মিক বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই কান্নার রোল পড়ে যায়। এই ঘটনায় চীনের নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কাউং তাত গ্রামের প্রায় ২০০ এবং পার্শ্ববর্তী পান লোন গ্রামের ১০০ বাড়িঘর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়।

প্রাথমিকভাবে এটিকে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলা মনে করা হলেও পরে আসল কারণ জানা যায়। টিএনএলএ এক বিবৃতিতে জানায়, খনির কাজে ব্যবহারের জন্য একটি গুদামে রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ার কারণেই এই ভয়াবহ বিপর্যয়।

দুর্গত এলাকাগুলোতে পুরোদমে উদ্ধারকাজ শুরু করেছে টিএনএলএ’র উদ্ধারকারী দল। দুই গ্রাম থেকে এ পর্যন্ত ৭৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কীভাবে এই জেলিগনাইট বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে গোষ্ঠীটি।

২০২১ সালের অভ্যুত্থানের পর সামরিক বাহিনীকে হটিয়ে জেড পাথরের খনি সমৃদ্ধ শান প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল সশস্ত্র গোষ্ঠী টিএনএলএ। জান্তা সরকারকে তটস্থ রাখা এই গোষ্ঠীর খনি অঞ্চলের একটি দুর্ঘটনা এখন পুরো জনপদকে পরিণত করেছে এক মৃত্যুপুরীতে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading