চাকরির প্রথম দিনেই ম্যাকবুক নিয়ে উধাও উবারের নতুন কর্মী!

চাকরির প্রথম দিনেই ম্যাকবুক নিয়ে উধাও উবারের নতুন কর্মী!

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ জুন, ২০২৬, আপডেট ০৯:২০

চাকরির প্রথম দিনে নতুন কর্মীর কাজে যোগ না দেওয়া বা যোগাযোগ বিচ্ছিন্ন করা করপোরেট জগতে নতুন কোনো ঘটনা নয়। কিন্তু এবার রাইড-শেয়ারিং জায়ান্ট ‘উবার’-এ ঘটেছে এমন এক অবিশ্বাস্য ঘটনা, যা সাধারণ নিখোঁজ হওয়াকে ছাড়িয়ে রূপ নিয়েছে একটি দুর্ধর্ষ ডিজিটাল চুরিতে।

কোম্পানি থেকে দেওয়া একটি দামি ম্যাকবুক ল্যাপটপ নিয়ে সম্পূর্ণ অস্তিত্বহীন হয়ে গেছেন এক নতুন কর্মী।

হায়দরাবাদ ভিত্তিক উবারের প্রিন্সিপাল রিক্রুটার রঘু তেন্নেতি লিঙ্কডইনে এই অদ্ভুত ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে।

রঘু তেন্নেতি তার পোস্টে জানান, ওই প্রার্থী নির্ধারিত দিনে কাজে যোগ দেননি। কোম্পানি থেকে যখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তখন দেখা যায় নিয়োগ প্রক্রিয়ার সময় দেওয়া তার ফোন নম্বরটি অত্যন্ত অস্বাভাবিক উপায়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে যখন উবারের আইটি বিভাগ ল্যাপটপটির অবস্থান ট্র্যাক করার চেষ্টা করে। তারা দেখতে পায়, ল্যাপটপটি ইতোমধ্যে ‘ফ্যাক্টরি রিসেট’ করা হয়েছে এবং একটি অত্যন্ত সুরক্ষিত এনক্রিপ্টেড প্রক্সির মাধ্যমে চালানো হচ্ছে।

তেন্নেতির ভাষায়, ‘আমাদের আইটি টিম ল্যাপটপটি ট্র্যাক করার চেষ্টা করে দেখে সেটি ফ্যাক্টরি রিসেট করা। এনক্রিপ্টেড প্রক্সি ব্যবহার করা হচ্ছে এবং ট্র্যাকিং সিগন্যালে এমন কিছু ভৌগোলিক স্থানাঙ্ক দেখাচ্ছে যা এই গ্রহে থাকা সম্ভব নয়।’

এই পুরো ঘটনাটিকে সাধারণ ফাঁকি দেওয়ার চেয়ে অনেক বড় কিছু আখ্যা দিয়ে এই রিক্রুটার রসিকতা করে লিখেছেন, ‘এই ব্যক্তি শুধু প্রথম দিন কাজে ফাঁকি দেননি। তিনি নিজের পুরো ভুয়া পরিচয় তৈরি করেছিলেন এবং কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট না রেখেই হাওয়া হয়ে গেছেন। একে ঘোস্টিং বলে না, এটা একটা পরিকল্পিত ডাকাতি।’

সিনেমার চরিত্র ইথান হান্টের সঙ্গে তুলনা করে তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে, ব্রো, আপনার দক্ষতার প্রতি সম্মান রইল। তবে আমাদের ল্যাপটপটা দয়া করে ফেরত দিন।’

পোস্টটি নজর কাড়ার পর নেটিজেনরা বিনোদন, অবিশ্বাস এবং বিভিন্ন পপ-কালচার বা সিনেমার রেফারেন্স টেনে মন্তব্য করছেন।

এক ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘তার মানে আপনি বলতে চাচ্ছেন, এই লোকটা মাসের পর মাস লিটকোড সমস্যার সমাধান করল, উবারের কঠিন ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ, বিহেভিওরাল রাউন্ড, সিস্টেম ডিজাইন আর এইচআর রাউন্ড পার করল… শুধুমাত্র একটা ম্যাকবুক চুরি করার জন্য? একটা ল্যাপটপের জন্য মানুষের ধৈর্য আর নিষ্ঠা এই পর্যায়ে যেতে পারে!’

আরেকজন করপোরেট সংস্কৃতির আদলে লিখেছেন, ‘এটা কোনো চাকরির প্রতারণা নয়। এটা ছিল একটা উল্টো রিক্রুটমেন্ট ড্রাইভ। ভাই আপনাদের ইন্টারভিউ নিলেন, আপনাদের প্রক্রিয়া যাচাই করলেন, কোম্পানির সম্পদ সংগ্রহ করলেন, আপনাদের সিকিউরিটি রেসপন্স পরীক্ষা করলেন এবং চলে গেলেন। কোথাও কোনো বোর্ডরুমে হয়তো এখন প্রেজেন্টেশন চলছে যার শিরোনাম: টার্গেট অর্গানাইজেশন পেনিট্রেশন রিপোর্ট — মিশন সাকসেসফুল।’

অন্য একজন এটিকে নেটফ্লিক্সের ওয়েব সিরিজের গল্পের সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ লিখেছেন, উবারের মতো বড় প্রযুক্তি সংস্থাকে বোকা বানিয়ে ওই ব্যক্তি যেন কোনো জনপ্রিয় ভিডিও গেমের সাইড মিশন সফলভাবে শেষ করেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading