তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, আপডেট ১৮:২০

সরকার তিস্তা মহাপরিকল্পনা দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ হলেও সরকার এটি দ্রুত বাস্তবায়নের দিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সভায় তিস্তা অববাহিকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার দেওয়া হয়েছিল। সেই লক্ষ্য পূরণে সরকার কাজ করে যাচ্ছে এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, এ লক্ষ্যে ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে এবং আট সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, জনস্বার্থ এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য এই প্রকল্পকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading