চোট কাটিয়ে ফিরেই মেসির গোল, বিশ্বকাপের আগে দাপুটে জয় আর্জেন্টিনার

চোট কাটিয়ে ফিরেই মেসির গোল, বিশ্বকাপের আগে দাপুটে জয় আর্জেন্টিনার

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ জুন, ২০২৬, আপডেট ১১:৫০

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হন্ডুরাসের পর এবার আইসল্যান্ডকেও সহজেই হারিয়েছে লিওনেল স্ক্যালোনির দল। তবে জয়ের চেয়েও বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে মাঠে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে ফিরে গোলও করেছেন তিনি।

এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ইন্টার মায়ামি অধিনায়ককে। এতে বিশ্বকাপের আগে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। তবে সেই শঙ্কা দূর করে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে গোলের দেখা পান এই ফুটবল তারকা।

বুধবার (১০ জুন) জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে ভ্যালেন্তিন বার্কোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আর নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা।

অবশ্য ব্যবধান আরও বড় হতে পারত। দ্বিতীয়ার্ধে লাউতারো মার্তিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি।

ম্যাচজুড়ে নিজেদের চিরচেনা ছোট ছোট পাসের ফুটবল খেলেছে আর্জেন্টিনা। পাশাপাশি দ্রুত পাল্টা আক্রমণেও ছিল ধার। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে প্রতিপক্ষকে চাপে রাখে স্ক্যালোনির দল।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। আইসল্যান্ডের ডি-বক্সের ভেতর থেকে ক্লিয়ার করা বল বক্সের বাইরে পেয়ে যান বার্কো। বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান তরুণ এই মিডফিল্ডার। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। এ সময়ে বার্কোর পাশাপাশি নজর কেড়েছেন নিকো পাজও। মেসির জায়গায় একাদশে সুযোগ পাওয়া কোমোর এই মিডফিল্ডারের ৪০ মিনিটের শট কর্নারের বিনিময়ে ঠেকান আইসল্যান্ডের গোলরক্ষক।

বিরতির পর ম্যাচের ৬৯.০৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। নেমেই অসাধারণ এক পাস বাড়ান লাওতারো মার্তিনেজের প্রতি। মার্তিনেজ গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করার আগ মুহূর্তে তাকে ফাউল করেন আইসল্যান্ড গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন। রেফারি বাজান পেনাল্টির বাঁশি।

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি। বল যখন জালে জড়ায় তখন ম্যাচের সময় ৭১.০৩ মিনিট। অর্থাৎ মাঠে নামার মাত্র ১১৯ সেকেন্ডের মধ্যে গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক।

ম্যাচের শেষ দিকে মেসির তৈরি করা আক্রমণে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পায়।

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading