বিক্ষোভে উত্তাল ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ

বিক্ষোভে উত্তাল ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ জুন, ২০২৬, আপডেট ১৭:৫৫

বিভিন্ন ইস্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশ। ব্রিটেনে অভিবাসনবিরোধী আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে ঘটেছে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া আলবেনিয়ায় ট্রাম্পের জামাতার রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। অন্যদিকে, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বিভিন্ন দাবিতে মিছিল করেন বহু মানুষ।

অভিবাসনবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট। এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় শুরুতে প্রতিবাদ কর্মসূচি থাকলেও দ্রুতই তা সহিংসতায় রূপ নেয়। মুখোশধারী অনেক বিক্ষোভকারী সড়ক অবরোধ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় একাধিক গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে। লক্ষ্যবস্তুতে পরিণত হয় সংখ্যালঘু ও অভিবাসী সম্প্রদায়ের বাড়ি ও দোকান।

বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনায় লন্ডনেও বিক্ষোভ করেছে কট্টর ডানপন্থি সমর্থকরা। মধ্য লন্ডনে জড়ো হয়ে প্রায় ৪০ জন বিক্ষোভকারী অভিবাসনবিরোধী স্লোগান দেন। সরকারের অভিবাসন নীতিরও সমালোচনা করেন তারা, দেন স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিক্ষোভ হয় আলবেনিয়ার রাজধানী তিরানায়ও। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিতর্কিত রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। প্রকল্পটি বাস্তবায়ন হলে শত শত হেক্টর প্রাকৃতিক সৈকত ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ পরিবেশবাদীদের।

ফিফা বিশ্বকাপ শুরুর আগে উত্তপ্ত মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। বেতন-ভাতা ও শিক্ষা খাতের সংস্কারসহ বিভিন্ন দাবিতে রাস্তায় মিছিল করেন শত শত শিক্ষক। এছাড়া দেশটিতে শ্রমিক সংগঠন ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের পক্ষ থেকেও নতুন বিক্ষোভের ঘোষণা এসেছে।

বলিভিয়ার লা পাজ ও পার্শ্ববর্তী এল আল্টোতে জরুরি অবস্থা ঘোষণার দাবিতে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। টানা ৪০ দিনের বেশি অবরোধে খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় আন্দোলন আরও তীব্র হয়। প্রেসিডেন্ট রদ্রিগো পাজ অবরোধের জন্য অবৈধ গোষ্ঠী ও মাদক চক্র-সংশ্লিষ্ট শক্তিকে দায়ী করেছেন। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে আগাম নির্বাচনের দাবি তুলেছেন।

এদিকে স্পেনের বার্সেলোনায় পোপ লিও’র সফরে সরকারি তহবিল ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েক ডজন মানুষ। ধর্মীয় এই নেতাকে রাষ্ট্রপ্রধানের মতো মর্যাদা দেয়ার সমালোচনা করে রাস্তায় নামেন তারা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading