হাইতির বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৮ জুন) ২০২৬, আপডেট ২৩:৫৫
নেইমারকে পাওয়ার অপেক্ষা বাড়ছে ব্রাজিলের। বিশ্বকাপের গ্রুপ পর্বে দলের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলতে পারবেন না এই তারকা।
পয়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দলের সঙ্গে ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়ায় যাবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
“তার সেরে ওঠার শেষ পর্যায়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং দা রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের চমৎকার সুযোগ-সুবিধাগুলো ব্যবহার করবেন।”
বুধবার আলাদাভাবে অনুশীলন সেশনে বুট পরে বল নিয়ে ওয়ার্ম-আপ করার পর, তাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়।
ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে দলের ট্রেনিং সেন্টারে কেবল ইনডোরেই অনুশীলন করছিলেন তিনি। তার মাঠে ফেরার ব্যাপারে সতর্কতায় এগোচ্ছে ব্রাজিল।
গত মাসে ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার। তার চোট জর্জর ক্যারিয়ারের সর্বশেষ সংযোজন এটি। প্রায় তিন বছর ধরে ব্রাজিলের হয়ে খেলেননি তিনি।
ইউডি/এবি

