বাংলাদেশকে দুশো ছুঁইছুঁই রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ জুন, ২০২৬, আপডেট ১৬:০৭
আগের ম্যাচে ১৩১ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশকে আজ একই মাঠে দুশো ছুঁইছুঁই রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ও টিম ডেভিডের একশ ছুঁইছুঁই রানের জুটিতে ৫ উইকেটে ১৯৬ রান করেছে তারা।
চার নম্বরে নেমে রেনশ করেছেন ৮৯ রান। দেশের জার্সিতে এটা তার সপ্তম টি-২০ এবং সর্বোচ্চ রানের ইনিংস। আগের ৬ ইনিংসের মধ্যে সর্বোচ্চ ৬৫ রান করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পাওয়ার প্লেটা শেষ করেছিল এগিয়ে থেকে। ৬ ওভার শেষে ৩ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি অজিদের আটকে রাখতে সক্ষম হয় মাত্র ৪৪ রানে। জশ ইংলিস ১১, কুপার কনোলি ১ ও মিচেল মার্শ ২০ রান করে যথাক্রমে নাসুম আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের শিকার হন। কিন্তু এরপর ম্যাচের লাগাম অস্ট্রেলিয়ার দিকে টেনে নেন ম্যাট রেনশ ও টিম ডেভিড।
চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও টিম ডেভিড মিলে ৯৭ রানের জুটি গড়েন। রিশাদের হোসেনের এক ওভারে ২১ ও আবদুল গাফ্ফার সাকলাইনের এক ওভারে তারা তুলেন ১৯ রান। দলীয় ১৪১ রানের মাথায় ডেভিড যখন সাকলাইনের শিকার হন, তখন ২৬ বলে ৪৫ রান করেন। তবে রেনশ শেষ পর্যন্তই অপরাজিত ছিলেন।
নিখিল চৌধুরীর সঙ্গে ৮ রানের মাথায় জুটি ভেঙে গেলেও জোয়েল ডেভিসের সঙ্গে হয় ৪২ রানের জুটি। ৫২ বলের ইনিংসটি তিনি সাজান ৪ চার ও ৫ ছয়ের মারে। ডেভিস করেন ১৩। মোস্তাফিজুর রহমান শেষ ওভারে ১৮ রান না দিলে কিপটের খাতায় লেখা হত তার নাম, আগের ৩ ওভারে তিনি দিয়েছিলেন মোটে ১৬ রান।
ইউডি/রেজা

