বিয়ে নিয়ে মুখ খুললেন ববি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, আপডেট ১৭:৫৫
ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নিজের নাম জড়িয়ে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাঁকে ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত বিভিন্ন সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
সোমবার (২২ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ববি। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানান, মির্জা আবুল বাশারের সঙ্গে তাঁর কোনো বৈবাহিক সম্পর্ক নেই।
ববি বলেন, “ওই ব্যক্তি আমার স্বামী নন। কেউ যদি আমাদের বিয়ের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন, অথবা পণ্যের প্রচারণার বাইরে তাঁর সঙ্গে আমার অন্য কোনো আইনগত সম্পর্কের প্রমাণ দিতে পারেন, তাহলে আমি যা বলবেন, তাই করতে প্রস্তুত।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে তাঁর বসে থাকা ছবি প্রসঙ্গে ববি বলেন, একজন শিল্পী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে সম্মান জানিয়ে বসার ব্যবস্থা করা হয়, উপহারও দেওয়া হয়। সেই ছবিগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে অপপ্রচার চালানো হচ্ছে।
বিয়ের গুঞ্জনকে কেন্দ্র করে তাঁর পরিবারও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে বলে জানান ববি। তিনি বলেন, পরিবারের অনেক সদস্য দেশের বাইরে থাকেন। এমন সংবাদ দেখে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এমনকি এসব গুজবের কারণে তাঁর মা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
ববির দাবি, একটি চলচ্চিত্রে আংশিক প্রযোজক হিসেবে যুক্ত থাকার সূত্র ধরেই তাঁর নামকে ব্যবহার করা হচ্ছে। সংবাদে তাঁর নাম জড়ালে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়বে এমন চিন্তা থেকেই এই প্রচারণা চালানো হচ্ছে বলে মনে করেন তিনি।
সম্প্রতি মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তারের পর কয়েকটি গণমাধ্যমে তাঁকে ববির বাসা থেকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তাঁর স্ত্রী বা কথিত স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন ববি। তিনি বলেন, প্রমাণ ছাড়া এমন সংবাদ প্রকাশ শুধু তাঁর নয়, তাঁর পরিবারের জন্যও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইউডি/রেজা

