আ.লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত দেবে আদালত: তথ্য উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, আপডেট ১৯:৩৫
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেটি আদালতের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, “সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর আওতায় দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। ফলে কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ”
তিনি বলেন, “লুটপাটকারী, মাফিয়া, চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না। আওয়ামী লীগের সেই নৈতিক সাহসও নেই। তারপরও সরকার জনগণের নিরাপত্তার স্বার্থে যেখানে ঝুঁকি বেশি মনে করেছে, সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে। ”
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দাবি করেন, আওয়ামী লীগের বড় ধরনের কোন সক্ষমতা নেই। তবে, অর্থ ও সাংগঠনিক নেটওয়ার্ক ব্যবহার করে বিচ্ছিন্ন নাশকতার চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকেই সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, “জুলাই আন্দোলনে মানুষ জীবনবাজি রেখে রাজপথে নেমেছিল নৈতিক শক্তির কারণে। ” আওয়ামী লীগের সেই ধরনের নৈতিক অবস্থান নেই বলেই তিনি মনে করেন।
ইউডি/রেজা

