আজ থেকে ডিগ্রির সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ জুন, ২০২৬, আপডেট ১৪:২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে আজ থেকে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ফাইনাল পরীক্ষার সাময়িক সনদ ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হয়েছে। এখন থেকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীরা দ্রুত এসব গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক সনদ সংগ্রহ করতে পারবেন।
সম্প্রতি, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত থেকে এক বিজ্ঞপ্তিতে, সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট আঞ্চলিক কেন্দ্র বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২৮ থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধিরা সংশ্লিষ্ট কলেজের পক্ষে সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট অত্যন্ত সতর্কতার সঙ্গে বুঝে নেওয়ার জন্য বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও নড়াইল জেলার সংশ্লিষ্ট সকব কলেজ বা প্রতিষ্ঠানকে খুলনা আঞ্চলিক কেন্দ্র থেকে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে, যার ঠিকানা সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ম রোডের ২৭৭ নম্বর বাড়ি। অন্যদিকে, রাজশাহী, পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং নওগাঁ জেলার শুধু মান্দা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজশাহী আঞ্চলিক কেন্দ্র থেকে এই নথিপত্র সংগ্রহ করবে। এই কেন্দ্রের অবস্থান রাজশাহীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের ৪৯ নম্বর হাউজে।
রংপুর বিভাগের অন্তর্গত পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার সব প্রতিষ্ঠান এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা ব্যতীত অন্যান্য সব উপজেলার কলেজগুলোকে রংপুর আঞ্চলিক কেন্দ্র থেকে সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে হবে। এই কেন্দ্রটি রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের আলমনগর মৌজার বিনোদপুরে (পাইকার পাড়া) অবস্থিত।
একইভাবে, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলা এবং চট্টগ্রাম জেলার নির্দিষ্ট কিছু কলেজ (কলেজ কোড-৪৩৩৩ হতে ৪৩৪৫ পর্যন্ত ১৩টি প্রতিষ্ঠান) ব্যতীত অন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারীর বড় দিঘীরপাড়ের ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র থেকে তাদের শিক্ষার্থীদের সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে পারবে।
এছাড়া ঢাকা বিভাগ, ঢাকা মহানগর, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরাসরি গাজীপুরের মূল জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই নথিপত্র গ্রহণ করবে।
তবে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু বিশেষ অঞ্চলের জন্য নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কলেজগুলোও মূল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই তাদের সনদ সংগ্রহ করার সুযোগ পাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট বিতরণের ক্ষেত্রে যদি কোনো ধরনের ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয় তবে তা দ্রুত সমাধান করতে হবে। এই ধরনের যে কোনো সমস্যা দেখা দিলে বিতরণ শেষ হওয়ার তারিখ অর্থাৎ ৩০ জুলাই থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে (৩০ আগস্টের মধ্যে) পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত চিঠির মাধ্যমে অথবা সরাসরি প্রতিনিধির মাধ্যমে অবহিত করে সমাধান করতে হবে। এই নির্ধারিত সময়ের পরে কলেজগুলোর পক্ষ থেকে আর কোনো অভিযোগ বা দাবি গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।
ইউডি/কেএস

