আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯
উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ জুন, ২০২৬, আপডেট ১২:৪১
নিজেদের মাটিতে একাধিক সন্ত্রাসী হামলার জের ধরে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান ও স্থল অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
ইসলামাবাদের দাবি, এই সুনির্দিষ্ট হামলায় অন্তত ২৯ জন জঙ্গি নিহত হয়েছেন। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, পাকিস্তানের নতুন এই হামলায় ডজনখানেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) ভোর রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এই অভিযানের কথা নিশ্চিত করেন। খবর আনাদোলু এজেন্সির।
গত শনিবার (২৭ জুন) পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে একটি নিরাপত্তা ঘাঁটিতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা অতর্কিত হামলা চালায়। এতে তিন আধাসামরিক সেনা এবং তিন হামলাকারী নিহত হয়। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি দলছুট উপদল ‘জামাআত উল আহরার’ এই হামলার দায় স্বীকার করে।
এই ঘটনার পরপরই রবিবার (২৮ জুন) দিবাগত রাতে পাকিস্তান-আফগান সীমান্ত অঞ্চলে পাল্টা অভিযান শুরু করে পাকিস্তানি বাহিনী। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এক অভিযানে জামাআত উল আহরার-এর শীর্ষ কমান্ডার খান ফারোশ ওরফে জাবালসহ চার সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থল অভিযানের পাশাপাশি আফগানিস্তানের অভ্যন্তরেও বিমান হামলা চালায় পাকিস্তান। তথ্যমন্ত্রী তারার দাবি করেন, “নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাক্তিয়া, পাক্তিকা এবং কুনার প্রদেশের তিনটি জঙ্গি আস্তানায় সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়েছে। এতে ২৫ জন সন্ত্রাসী নিহত এবং তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান অঞ্চলে শান্তি চায়, তবে নিজেদের নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কোন আপস করবে না।”
এদিকে, আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ইসলামাবাদের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, বিমান হামলায় ডজনখানেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
মুজাহিদ এক্স-এ লিখেছেন, “গত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের গায়ান জেলা, পাক্তিয়া প্রদেশের চামকানি জেলা এবং কুনার প্রদেশের মানোগাই জেলার বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। এই হামলার ফলে নারী ও শিশুসহ ডজনখানেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।”
তিনি বলেন, “আমরা এই কাপুরুষোচিত আগ্রাসনের তীব্র নিন্দা জানাই এবং এটিকে একটি অপরাধ ও বর্বরতা হিসেবে বিবেচনা করি।”
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একাধিক জঙ্গি হামলার ঘটনা এবং এর জেরে বেশ কয়েকটি সীমান্ত সংঘর্ষের পর এই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ রয়েছে।
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে টিটিপি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে নাশকতা চালাচ্ছে। তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইউডি/রেজা

