হতাশ করল ‘সুপারগার্ল’, বক্স অফিসে আয় কেমন?

হতাশ করল ‘সুপারগার্ল’, বক্স অফিসে আয় কেমন?

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ০৮:২০

২৬ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ডিসি কমিকসের নতুন সুপারহিরো ছবি ‘সুপারগার্ল’। মুক্তির আগে প্রত্যাশা ছিল বেশ। কিন্তু মুক্তির পর হতাশ করল ছবিটি। সমালোচকরা ছবিটি পছন্দ করেননি। অধিকাংশ রিভিউতে মিলেছে নেতিবাচক মন্তব্য।

ছবির নাম ভূমিকায় আছেন মিলি অ্যালকক। তার অভিনয় নিয়ে অবশ্য সন্তুষ্ট সকলে। কিন্তু ছবিটির দুর্বল দিক এর চিত্রনাট্য ও পরিচালনা। ভ্যারাইটিসহ বিভিন্ন গণমাধ্যমে এই দুটি বিষয়ের কড়া সমালোচনা করা হয়েছে।

এসবের প্রভাব পড়ছে বক্স অফিসেও। সুপারহিরো ছবি হিসেবে হতাশাজনক সূচনা হলো ‘সুপারগার্ল’-এর। প্রথম তিন দিনে ছবিটির আয় ৬ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে আয় করেছে ৩ কোটি ৮০ লাখ ডলার। বাকিটা এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

প্রথম উইকেন্ডে এই আয়ে চিন্তার ভাঁজ প্রযোজক-পরিবেশকের কপালে। কারণ ছবিটির পেছনে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার। সেই লগ্নি তুলে লাভের ঘরে ঢুকতে পারবে কিনা, তা একদম অনিশ্চিত। এর আগে গত বছর ডিসি কমিকসের ‘সুপারম্যান’ মুক্তি পেয়েছিল। সেটি বিশ্বব্যাপী ৬১ কোটি ৮০ লাখ ডলার আয় করেছিল। ‘সুপারগার্ল’ যে এর ধারেকাছেও যেতে পারবে না, তা সহজেই অনুমেয়।

এদিকে বর্তমানে আন্তর্জাতিক বক্স অফিসে দাপট দেখাচ্ছে অ্যানিমেটেড ছবি ‘টয় স্টরি ৫’। ডিজনি ও পিক্সার-এর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটি দ্বিতীয় উইকেন্ডে আয় করেছে ৮ কোটি ৯১ লাখ ডলার। মুক্তির মাত্র ১২ দিনে ছবিটির মোট আয় ৫৮ কোটি ৫০ লাখ ডলার। ধারণা করা হচ্ছে, শিগগিরই এটি ‘টয় স্টরি ৪’-এর আয়কে (১০৭ কোটি) ছাড়িয়ে এ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়বে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading