হারারেতে ইতিহাস লিখলেন বাংলাদেশের স্পিনার তাইজুল

হারারেতে ইতিহাস লিখলেন বাংলাদেশের স্পিনার তাইজুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ১২:২০

হারারে টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ যখন জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে, তখন একাই প্রতিরোধ গড়ে তোলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে শুধু দলকে লড়াইয়ে রাখেননি, গড়েছেন একের পর এক রেকর্ডও।

বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর বড় সংগ্রহের পথে এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন তাইজুল। তার ৭ উইকেট বাংলাদেশের টেস্ট ইতিহাসে বিদেশের মাটিতে ইনিংসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ২০১৮ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

এটি টেস্টে তাইজুলের তৃতীয়বার ইনিংসে ৭ উইকেট শিকার, যা বাংলাদেশের আর কোনো বোলার করতে পারেননি। একই সঙ্গে দেশের বাইরে ইনিংসে ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন সাকিবকে। মাত্র ৩০ ইনিংসে এই কীর্তি গড়েছেন তাইজুল, যেখানে সাকিবের লেগেছিল ৪৫ ইনিংস।

আরেকটি গুরুত্বপূর্ণ অর্জনে সাকিবের পাশে উঠে এসেছেন এই স্পিনার। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৯ বার পাঁচ উইকেট নেয়ার রেকর্ডে এখন দু’জনই যৌথভাবে শীর্ষে। তবে তাইজুল এই মাইলফলকে পৌঁছেছেন মাত্র ১০৭ ইনিংসে, সাকিবের লেগেছিল ১২১ ইনিংস।

এই পারফরম্যান্সে টেস্টে তার মোট উইকেট দাঁড়িয়েছে ২৭০। ফলে বাঁহাতি স্পিনারদের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ভারতের কিংবদন্তি বিষেন সিং বেদিকে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করার পথে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসাও এখন তাইজুল ইসলাম।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading