ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ১২:১০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কুচিয়ামোড়ার ধলেশ্বরী সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।
সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত ১১টার পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে ধলেশ্বরী সেতুর ওপর মাওয়াগামী এভারগ্রিন পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার পর বাসের সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাত্রাকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বাসটি সরিয়ে নেয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইউডি/রেজা

