শুধু মানুষ নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৫৮
বর্তমান সরকার শুধু মানুষের নিরাপত্তা নয়, বরং কোন প্রাণীও যেন মানুষের নিষ্ঠুরতার শিকার না হয়-তা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও শান্তিময় রাষ্ট্র এবং সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এই ইচ্ছার কথা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু মানুষেরই নিরাপত্তা নয়, বরং কোন প্রাণীও যেন মানুষের নিষ্ঠুরতার শিকার না হয় বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি রাষ্ট্র ও সমাজ তৈরি করতে কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারবে।
জনগণের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরে দেশের সরকারপ্রধান বলেন, আপনাদের সবার সহযোগিতায় সরকারের পক্ষে এই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
ইউডি/রেজা

