নড়াইলে টিকটকে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ১০
উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ জুলাই, ২০২৬, আপডেট ১৮:০৫
নড়াইলের সদর উপজেলায় টিকটকে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার রতডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার রতডাঙ্গা গ্রামের মল্লিক পাড়ার মন্নু মোল্যার ছেলে আশরাফুল এবং উত্তর পাড়ার কবির ফকিরের ছেলে মিজান ফকিরের মধ্যে কিছুদিন ধরে টিকটকে মন্তব্য (কমেন্ট) করা নিয়ে বিরোধ চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের ভার্চুয়াল বিরোধ একপর্যায়ে বাস্তবে রূপ নেয়। শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনায় মিজান ফকিরের পক্ষ ও আশরাফুলের পক্ষের লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। ফলে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মন্নু মোল্যা বলেন, “বিকেলে মিজান ফকির তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে। এ সময় আমাদের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।”
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু শনিবার বলেন,জানান, শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কেউ এ ব্যাপারে কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/কেএস

