সেনা সহায়তায় সাজেক ছেড়েছেন ১৫০ পর্যটক
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, আপডেট ১৯:৩৬
রাঙামাটির জনপ্রিয় পর্যটন স্পট সাজেকে আটকে পড়া ৫৬১ পর্যটকের মধ্যে ১৫০ জন সেনাবাহিনীর বিশেষ সহায়তায় সাজেক ছেড়েছেন। টানা ভারী বর্ষণের কারণে তারা সেখানে দুই দিন আটকে ছিলেন। বাকিদের শিগগির উদ্ধার করা হবে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেছেন, “সড়কে একাধিক স্থানে পানি ওঠার কারণে পর্যটকরা সাজেক ত্যাগ করতে পারেনি। দুই দিন আটকে থাকার পর আজ (বৃহস্পতিবার) দুপুরে সেনাবাহিনীর বিশেষ সহায়তায় ৫৬১ পর্যটকের মধ্যে দেড়শ জনকে সাজেক থেকে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের আগামীকাল ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানিয়েছেন, মঙ্গলবার যারা সাজেকে এসেছিল, গতকাল (বুধবার) সকালে তারা খাগড়াছড়ি ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু, খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে বন্যার পানির কারণে আপাতত যান চলাচল বন্ধ থাকায় পর্যটকরা বের হতে পারেনি। সেনাবাহিনী বিশেষ ব্যবস্থায় আজ (দুপুরে) দেড়শ পর্যটককে নিরাপদে পৌঁছে দেয়।
তিনি জানান, যেহেতু বর্তমানে আবহাওয়াজনিত কারণে প্রশাসন থেকে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই আপাতত কোনো পর্যটক খাগড়াছড়ি থেকে সাজেকে যাচ্ছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।
ইউডি/রেজা

