শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, আপডেট ১৪:১৫
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছেন একদল এইচএসসি পরীক্ষার্থী। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা করলে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।অনুষ্ঠানস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন।
এদিকে, অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন একদল এইচএসসি পরীক্ষার্থী। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন নিরাপত্তা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়।
ইউডি/কেএস

