কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি: শবনম ফারিয়া

কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি: শবনম ফারিয়া

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ জুলাই, ২০২৬, আপডেট ০৯:২০

ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও বিভিন্ন বিষয় নিয়ে এ মাধ্যমে নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন এই অভিনেত্রী।

শবনম ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে অভিনয়জীবনের নানা বিষয় তুলে ধরেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, মিডিয়ায় দীর্ঘ ১৪ বছরের পথচলায় কেউ কখনো তাকে সরাসরি কিংবা ইঙ্গিতপূর্ণভাবে কোনো ধরনের আপত্তিকর প্রস্তাব দেওয়ার সাহস দেখাননি।

ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে শবনম ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের সিদ্ধান্তের কারণে স্নাতক শেষ না হওয়া পর্যন্ত অভিনয়ে নিয়মিত হননি।

২০১৫ সালে গ্র্যাজুয়েশন শেষ করার পর নিয়মিত অভিনয় শুরু করেন শবনম ফারিয়া। ২০২০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কাজ করেন। এরপর করোনাকাল ও ব্যক্তিগত জীবনের পরিবর্তনের কারণে অভিনয় থেকে কিছুটা বিরতি নেন এই অভিনেত্রী।

শারীরিক অসুস্থতার বিষয়ে শবনম ফারিয়া জানান, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে তার ওজন বেড়ে যায়। এ কারণে ক্যামেরার সামনে নিজেকে আগের মতো স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। ধীরে ধীরে কাজ কমিয়ে ওজন নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দেন। পাশাপাশি মাস্টার্স সম্পন্ন করেন এবং চাকরিতে যুক্ত হন।

মিডিয়ার তিক্ত অভিজ্ঞতা প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, “আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি।”

একজন মানুষ তার ব্যক্তিগত পরিসরে কাকে কতটা প্রবেশাধিকার দেবেন, তা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। নিজের সীমারেখা সম্পর্কে সচেতন থাকার কারণেই কেউ তা অতিক্রম করার সুযোগ পায়নি বলেও মন্তব্য করেন শবনম ফারিয়া।

শবনম ফারিয়া জানান, মিডিয়ার অধিকাংশ সহকর্মীর কাছ থেকে সবসময় সম্মান ও ভালোবাসা পেয়েছেন। ২০১৯ সালে তার বিয়ের সময়ও পুরো বিনোদন অঙ্গন আনন্দের সঙ্গে পাশে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

নিজেকে ঘিরে প্রচলিত নানা ধারণা প্রসঙ্গে অভিনেত্রী শবনম ফারিয়া জানান, ইন্ডাস্ট্রিতে তার একমাত্র ‘বদনাম’ হলো—তিনি কিছুটা রাগী। এর বাইরে তাকে নিয়ে ছড়ানো বিভিন্ন অভিযোগ ও গুজবের কোনো ভিত্তি নেই। কেউ যদি তার বিরুদ্ধে কোনো ঘটনার দাবি করেন, তাহলে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান তিনি।

কাজ পাওয়া প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন শবনম ফারিয়া। এ অভিনেত্রী জানান, তিনি কখনো সরাসরি কোনো প্রযোজকের সঙ্গে কাজের জন্য যোগাযোগ করেন না; সাধারণত পরিচালকরাই তার সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে পরিচালক-প্রযোজকদের নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো কথিত ব্যক্তিগত পার্টির গুঞ্জনকেও ভিত্তিহীন বলে দাবি করেন এই অভিনেত্রী।

মিথ্যা বা মানহানিকর তথ্য ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শবনম ফারিয়া। তিনি জানান, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কথোপকথনের স্ক্রিনশট, কল রেকর্ডসহ প্রয়োজনীয় প্রমাণ প্রকাশ করবেন এবং আইনি পদক্ষেপ নিতেও পিছপা হবেন না।

পোস্টের শেষাংশে গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে শবনম ফারিয়া লেখেন, “বুঝে-শুনে গুজব ছড়াতে হয়। ডায়নামাইটে হাত দিলে তো হবে না। সবাই জানে, এখানে হাত বাড়ালে ব্লাস্ট হবেই। এসব রিউমার ছড়ানোর জন্য খুব খারাপ মানুষ বেছে নিয়েছেন।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading