খুলনার বাজারে কমেছে সবজি-মুরগির দাম

খুলনার বাজারে কমেছে সবজি-মুরগির দাম

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ জুলাই, ২০২৬, আপডেট ১০:৫২

খুলনার বাজারে চলতি সপ্তাহে সবজি ও মুরগির দাম কমেছে। তবে আগের মতো রয়েছে মাছের দাম।

রবিবার (১৯ জুলাই) সকালে খুলনার নিউ মার্কেট বাজার, মিস্ত্রিপাড়া ও নতুন বাজার থেকে এ তথ্য পাওয়া গেছে।

সবজির বাজারে, পটল ৩০ টাকা, কুশি ৩০ টাকা, ঢেঁড়স ৩০, কাঁচামরিচ ১২০-১৫০, শসা ৮০, পেঁপে ও মিষ্টিকুমড়া ৩০-৪০, পুঁইশাক ৪০, আলু ২৫-৩০, দেশি পেঁয়াজ ৪০-৫০, রসুন ৮০-৯০, লাউ ৪০-৫০, বেগুন ৪০-৫০ ও লাল শাক ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি রুই ২৫০-২৮০, কৈ মাছ ২৫০-২৮০ টাকা কেজি, কাতলা মাছ ২৪০-২৫০, ভেটকি ৪০০-৪৫০, পাবদা ৩৫০-৪০০, ছোট চিংড়ি ৬৫০-৮০০, টাকি ২২০-২৫০, তেলাপিয়া ও পাঙাশ ১৮০-২০০, ট্যাংরা ৬০০-৭০০, রূপচাঁদা মাছ ৪০০-৫০০ এবং দেশি বড় পুঁটি মাছ ১৫০-১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, মুরগির মধ্যে প্রতি কেজি ব্রয়লার ১৭০-১৮০, সোনালি ২৭০-২৮০ এবং লেয়ার ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নিউ মার্কেট বাজারের সবজি ব্যবসায়ী শেখ হারুন বলেন, ‘চলতি সপ্তাহে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এজন্য সব ধরনের সবজির দাম কমেছে। তবে বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমলে দাম বৃদ্ধি পেতে পারে।’

মাছ বিক্রেতা ইনামুল বলেন, ‘সমুদ্রের মাছের সরবরাহ কম থাকায় ঘেরের মাছের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এজন্য খুচরা বাজারে মাছের দাম বেশি। আবার বাজারে ক্রেতার সংখ্যাও কম। এরকম চললে মাছ বিক্রি করা কঠিন হয়ে পড়বে।’

ক্রেতা শামিমুল ইসলাম বলেন, ‘দাম বাড়ুক আর কমুক, বাজার তো করতেই হবে। চাপ যা আসার মধ্যবিত্তদের উপর আসে। তবে মুরগির বাজারে দাম তুলনামূলক কম থাকায় কিছুটা স্বস্তি রয়েছে।’

অন্য এক ক্রেতা আসাদুজ্জামান বলেন, ‘মাছে ভাতে বাঙালি, তাই মাছের দাম কমানো উচিত। তবে শাক সবজির দাম এ সপ্তাহে কমলেও মাঝে মধ্যে দাম বেড়ে যায়। পেঁয়াজ রসুনের দামও তুলনামূলক কম আছে বলে তিনি জানান।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading