সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, আপডেট ১৫:৩০
সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ৩০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আটক ব্যক্তি মেহেদী হাসান (৩০)। তিনি খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত মাংস ব্যবসায়ী মেহেদী হাসানকে আটক করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ইউডি/রেজা

