প্রতিশোধমূলক হামলা বন্ধের ঘোষণা ইরানের
উত্তরদক্ষিণ। রবিবার (২৫ জুলাই) ২০২৬, আপডেট ১৮:৫৭
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিশোধমূলক হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। আমেরিকা গত দুই রাত ধরে ইরানের ওপর হামলা বন্ধ করার পর রবিবার ইরানের সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “দুই রাত আগে পর্যন্ত এই হামলাগুলো চলছিল, কিন্তু গত দুই রাতে আমেরিকানরা তাদের হামলা বন্ধ করে দিয়েছে। যেহেতু আমাদের কৌশল মূলত প্রতিশোধমূলক, তাই আমরাও আমাদের প্রতিশোধমূলক অভিযান বন্ধ করে দিয়েছি।”
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দুই সপ্তাহ আগে ইরানের ওপর হামলা শুরু করে আমেরিকা। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু করে ইরান। শুক্রবার থেকে আমেরিকা ইরানের ওপর হামলা বন্ধ করে দিয়েছে।
হামলার বিরতি সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ট্রাম্প “সবসময়ই স্পষ্ট করে বলেছেন যেম কূটনীতিই তার পছন্দ, কিন্তু তিনি ইরানকে দেখিয়ে দিয়েছেন, তারা যদি আন্তরিকভাবে আলোচনায় না আসে তাহলে কী ঘটবে।”
আলোচনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তির বরাত দিয়ে শনিবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প আপাতত ইরানের ওপর হামলা বাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট এবং তার উপদেষ্টারা সংঘাত সম্প্রসারণ, প্রতিরক্ষা মজুদ হ্রাস, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় মিত্রদের বিচ্ছিন্ন করা এবং জ্বালানি সরবরাহ ও বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করা নিয়ে উদ্বিগ্ন।
রবিবার ইরানের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, আমেরিকা যদি ইসলামী প্রজাতন্ত্রটির ওপর হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো বিস্তৃত হবে।
সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “আমি বিশ্বাস করি, আমেরিকানরা যদি আবারও জায়নবাদীদের প্রতারণার ফাঁদে পা দেয় অথবা তাদের সাথে তাল মিলিয়ে চলে এবং বিশেষ করে বিমান হামলার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে জোর দেয়, তবে ভৌগোলিকভাবে এটি আরও প্রসারিত হবে।”
ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধটি ইতোমধ্যেই লোহিত সাগরের প্রবেশপথে বাব এল মান্দেব প্রণালি পর্যন্ত বিস্তৃত হয়েছে।
তিনি বলেন, “আমাদের অভিযানের পরিধি এখন জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে শুরু করে পারস্য উপসাগরের উপকূলবর্তী দেশগুলো পর্যন্ত সমগ্র অঞ্চলজুড়ে বিস্তৃত।”
ইউডি/রেজা

