‘আরেকটি কাপ এনে দিতে না পারায় আমি দুঃখিত’
উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জুলাই, ২০২৬, আপডেট ১৩:১০
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের সাত দিন পর নিজের নিজ শহর পুহাতো ছাড়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ধরে রাখতে না পারার হতাশা প্রকাশ করার পাশাপাশি দুঃসময়ে দলের পাশে থাকার জন্য সমর্থক, খেলোয়াড় ও স্টাফদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ইন্সটাগ্রামে দেওয়া সেই বার্তায় ৪৮ বছর বয়সী এই মাস্টারমাইন্ড লেখেন, “আপনাদের আরেকটি কাপ এনে দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত।” তাঁর এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ ভক্তের ভালোবাসায় সিক্ত হয়।
ফাইনাল পরবর্তী মানসিক অবস্থা বর্ণনা করতে গিয়ে স্কালোনি লেখেন, “দুঃখ এবং আনন্দ একসাথে মিশে গেছে; অশ্রু ও হাসি, যন্ত্রণা ও প্রশান্তি- সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি।” নিজের খেলোয়াড়দের প্রতি গর্ব প্রকাশ করে তিনি জানান, স্ত্রীর সাথে কথার সময় তিনি প্রায়ই ফুটবলারদের ‘যোদ্ধা’ বলে ডাকেন। পুরো টুর্নামেন্ট জুড়ে তাঁদের লড়াই করার মানসিকতাই হারের মধ্যেও তাঁর সবচেয়ে বড় গর্বের জায়গা।
বিশ্বকাপ চলাকালীন দলকে ঘিরে হওয়া সমালোচনাগুলোর জবাবও দেন স্কালোনি। তিনি লেখেন, “আমাদের নিয়ে যেসব মানুষ মন্তব্য করেছেন, তারা আসলে আমাদের চেনেনই না। তারা যেন আমাদের ওপর ‘ঠান্ডা পানির বালতি’ ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন। তবে সব বাধা অতিক্রম করে এক থাকাটাই আমাদের আসল ট্রফি।”
বিবৃতি শেষে স্কালোনি একটি বিশেষ উক্তি শেয়ার করেন যা ভক্তদের নজর কেড়েছে, যেখানে তিনি লেখেন, “যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে।”
এই পোস্টটির পর আর্জেন্টিনা জাতীয় দলে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বিসিবির সমকক্ষ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তি নবায়ন করবেন নাকি দায়িত্ব ছাড়বেন- এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলেননি তিনি। তবে এফএ সূত্রে জানা গেছে, ২০৩০ সাল পর্যন্ত বিশ্বজয়ী এই কোচের চুক্তি বাড়াতে আগ্রহী তারা।
ইউডি/কেএস

