বিজয়কে নিয়ে কথিত প্রেমিকা তৃষার মায়ের আবেগঘন মন্তব্য
উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৪০
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগান’। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বের ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন বিজয়ের কথিত প্রেমিকা তৃষা কৃষ্ণান ও তার মা উমা কৃষ্ণান।
সিনেমাটি দেখে একরাশ মুগ্ধতা ছড়ালেন তৃষার মা উমা। পাশাপাশি বিজয়ের বড়পর্দাকে বিদায় জানানোর বিষয়টি ভেবেও আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে উমা কৃষ্ণান বলেন, “আমরা দারুণ সময় কাটিয়েছি। আমরা সত্যি সিনেমাটি খুব উপভোগ করেছি। তবে খারাপ লাগছে যে, এটি বিজয়ের শেষ সিনেমা। আমরা তাকে খুব মিস করব।”
উমা কৃষ্ণানের সংক্ষিপ্ত এই মন্তব্য বিজয়ভক্তদের হৃদয়ে ধাক্কা দিয়েছে। কারণ এ কথা যেন তাদেরই মনের কথা। একদিকে প্রেক্ষাগৃহজুড়ে চলছে ভক্তদের শিস বাজানো, নাচ আর উচ্ছ্বাসে ভরা উদযাপন। অন্যদিকে, নতুন কোনো সিনেমায় বড়পর্দায় ‘থালাপাতি’ বিজয়কে দেখতে না পারার আক্ষেপ কষ্ট দিচ্ছে ভক্তদের।
ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। দুই দশকের বেশি সময় আগে মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন এই অভিনেত্রী। থালাপাতি বিজয়ের সংসার ভাঙার খবর সামনে আসার পর ফের আলোচনায় উঠে আসেন তৃষা। গুঞ্জন রয়েছে—তৃষার কারণে বিজয়ের সংসার ভাঙছে।
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগেও বিজয়ের সঙ্গে তৃষার নাম জড়ায়। নির্বাচনে বিজয়ের জয়ের পর তৃষার উচ্ছ্বাস আলাদাভাবে নজর কাড়ে। গত ১০ মে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিজয়। এ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী, সন্তানেরা উপস্থিত না থাকলেও হাজির হয়েছিলেন তৃষা।
শপথগ্রহণের মতো সরকারি আয়োজনে তার উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। এরপর থেকে বিজয়-তৃষার সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। গুঞ্জন উড়ছে, বিয়ে করবেন তারা। যদিও এই যুগল এখন পর্যন্ত বিষয়টি নিয়ে টুঁ-শব্দও করেননি। এরই মধ্যে বিজয়কে নিয়ে তৃষার মায়ের আবেগঘন মন্তব্য গুঞ্জনের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। আর নেটিজেনরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।
বলে রাখা ভালো, এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-পূজা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—প্রকাশ রাজ, প্রিয়ামণি, গৌতম বাসুদেব মেনন প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। কোনো কোনো প্রতিবেদনে ৪০০ কোটি রুপিও পাওয়া গেছে। এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশন্স।
ইউডি/কেএস

