বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৮ জন নিহত, ২৮ নিখোঁজ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, আপডেট ১৪:০০
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুই কয়লা খনিতে বিস্ফোরণের জেরে ৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ২৮ জন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।
খনি দুটির অবস্থান বেলুচিস্তানের রাজধানী কোয়েটার অদূরে সোরাঙ্গে নামের এক দুর্গম এলাকায়্ প্রাদেশিক খনি বিষয়ক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আবদুল গনি বালোচ রয়টার্সকে বলেছেন, “দু’টি খনিই পরস্পরের সঙ্গে লাগোয়া ছিল। খনি দু’টির অভ্যন্তরে থাকা মিথেন গ্যাসই শক্তিশালী এই বিস্ফোরণের কারণ।
বেলুচিস্তানের খনিগুলো ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সরকারি কমিটির শীর্ষ পরিদর্শক (চিফ ইন্সপেক্টর অব মাইন) মুহম্মদ আতিফ জানান, দুর্ঘটনার সময় খনিটিতে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন। উদ্ধারকারী বাহিনীর তৎপরতায় এ পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২৮ জনের সন্ধানে এখনও তৎপরতা জারি আছে বলেও উল্লেখ করেছেন তিনি।
“আমি আশা করছি যে নিখোঁজ কর্মীদের মধ্যে অন্তত কয়েক জন বেঁচে আছেন, তবে বাস্তবে এমন সম্ভাবনা খুব কম”, রয়টার্সকে বলেছেন মুহম্মদ আতিফ।
সূত্র: রয়টার্স
ইউডি/কেএস

