জকসু নেতার ওপর হামলার অভিযোগ

জকসু নেতার ওপর হামলার অভিযোগ

উত্তরদক্ষিণ। বুধবার (০৫ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। হামলার জন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগীরা।

বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব শিকদার বলেন, মঙ্গলবারের সংঘর্ষে আহত এক সদস্যকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্য সোহরাওয়ার্দী কলেজের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এসে তাঁদের ঘিরে ধরেন। পরে ভিডিও কলে নূর মোহাম্মদের পরিচয় নিশ্চিত করে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

হামলায় নূর মোহাম্মদের পাশাপাশি ইনকিলাব মঞ্চের সদস্য ইসমাইল হোসেন তানিম, রাকিব শিকদার ও আলফাজ আহত হন। গুরুতর আহত নূর মোহাম্মদকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে জকসুর সাধারণ সম্পাদক আবদুল আলিম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নূর মোহাম্মদসহ কয়েকজন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল, জকসু, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর একদিন পরই নূর মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading