বিজিবির হস্তক্ষেপে শুরু হলো সড়ক মেরামত কাজ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:৪৫
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন হওয়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতার প্রধান সড়কটির মেরামত কাজ অবশেষে শুরু হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অনুরোধের প্রেক্ষিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রতিবন্ধকতা অপসারণের পর এই কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে দহগ্রাম-আঙ্গরপোতার সিস্টায়ার বাজার এলাকার প্রধান পাকা সড়কের একটি বড় অংশ ধসে যায়। এতে ১০ ফুট গভীর খাদের সৃষ্টি হয়ে অন্তত দুই হাজার পরিবারের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। জনভোগান্তি নিরসনে লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত জরুরি মেরামতের উদ্যোগ নিয়ে বালুসহ অন্যান্য সামগ্রী পাঠায়। কিন্তু তিন বিঘা করিডোর সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মালামালের ট্রাকটি আটকে দিলে মেরামত কাজ সাময়িক বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবি সীমান্ত পর্যায়ে যোগাযোগ জোরদার করে। রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) পক্ষ থেকে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও অনুরোধ জানানো হলে জটিলতার অবসান ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ মালামালবাহী ট্রাকটি দহগ্রামে ঢোকার অনুমতি দেয়।
এ বিষয়ে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) দায়িত্বশীল কর্মকর্তা জানান, দহগ্রামের বাসিন্দাদের ভোগান্তি ও জরুরি সড়ক মেরামতের বিষয়টি বিবেচনায় এনে বিএসএফের সঙ্গে সমন্বয় করা হয়েছে। আমাদের অনুরোধের পর তারা ট্রাকটি ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছে। এখন দ্রুতই সড়কটির মেরামতের কাজ শেষ করে জনগণের চলাচলের উপযোগী করা হবে।
লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ওসমান গনি জানান, “সন্ধ্যায় মালামালবাহী ট্রাকটি নিয়ে দহগ্রামে কাজ শুরু করেছি। আশা করা হচ্ছে সকাল থেকে দহগ্রামের মানুষ চলাচল করতে পারবে।”
ইউডি/কেএস

