হামলার ভয়ে ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়: ট্রাম্প
উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, আপডেট ১০:০০
আমেরিকার সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব ও আমেরিকার রাজনীতির বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে ইরান চুক্তি, আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, চীন ও প্রযুক্তির আধিপত্যসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে।
ইরান প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, তেহরান আমেরিকার সঙ্গে একটি চুক্তি করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরান আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তারা চায় না আমরা তাদের ওপর হামলা চালাই।
তেলের দামের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইরানের ওপর নতুন কোনো হামলা না হলে পেট্রলের দাম কমবে, আর হামলা হলেই কেবল দাম বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইরান নতুন কোনো সংঘাত বা হামলার মুখোমুখি হতে চায় না।
আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্প বেশ আশাবাদী। তিনি দৃঢ়তার সাথে জানান যে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয়ক্ষেত্রেই রিপাবলিকান পার্টি জয়লাভ করবে। তবে আমেরিকার নির্বাচনী ব্যবস্থার কড়া সমালোচনা করে তিনি বলেন, দেশের নির্বাচন সবসময়ই গোলমেলে ও অব্যবস্থাপনাপূর্ণ, যা ২০২০ সালসহ বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে।
কিছু আমেরিকার অঙ্গরাজ্য যেভাবে নির্বাচন পরিচালনা করে, তাকে তৃতীয় বিশ্বের দেশের সাথে তুলনা করেন ট্রাম্প। এই প্রেক্ষাপটে নির্বাচনে নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করতে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ -এর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
চীন ও প্রযুক্তিগত প্রতিযোগিতা নিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, আমেরিকাকে কোনোভাবেই চীন ছাড়িয়ে যেতে দেওয়া যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্রিপ্টোকারেন্সির বাজারে আমেরিকার আধিপত্য বজায় রাখার কথা জানিয়ে তিনি বলেন, আমরা চাই না ক্রিপ্টো বিশ্বে চীন আধিপত্য বিস্তার করুক। আমি চাই না এআই এবং ক্রিপ্টোর ক্ষেত্রে চীন জয়ী হোক।
এছাড়া তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমেরিকা সফর করবেন এবং সে সময় দুই নেতার বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
ইউডি/কেএস

