সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.৩৩ শতাংশ

সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.৩৩ শতাংশ

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ আগস্ট, ২০২৬, আপডেট ১১:৫৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। মোট ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। তবে পাসের হার কমলেও এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বোর্ডের সভার অনুমোদন সাপেক্ষে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন, কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেকসহ বোর্ডের কর্মকর্তারা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। উত্তীর্ণদের মধ্যে ১৯ হাজার ৮৮৯ জন ছেলে এবং ৩২ হাজার ৬৮ জন মেয়ে। ফলে এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৩ হাজার ৬১৪ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২২ জন।

তবে জিপিএ-৫ বাড়লেও সামগ্রিক পাসের হার কমেছে। গত বছর সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।

বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম পাসের হার সুনামগঞ্জ জেলায়।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন কোনো প্রতিষ্ঠান নেই। এ ছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading