ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, কঠিন হচ্ছে মনিটাইজেশনের শর্ত!

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, কঠিন হচ্ছে মনিটাইজেশনের শর্ত!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:০৩

ইউটিউব থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করতে নতুন ক্রিয়েটরদের আরও কঠিন যোগ্যতা পূরণ করতে হবে। সম্প্রতি নতুন এই শর্তের ঘোষণা দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব থেকে আয় শুরু করতে আগ্রহী ক্রিয়েটরদের গত এক বছরে অন্তত ৮ হাজার কোয়ালিফাইড ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ২ কোটি কোয়ালিফাইড শর্টস ভিউ থাকতে হবে।

বর্তমানে এই যোগ্যতা ছিল গত এক বছরে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ১ হাজার সাবস্ক্রাইবার ও ১ কোটি শর্টস ভিউ। নতুন নিয়ম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

গুগলের মালিকানাধীন ইউটিউব জানিয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রামে এরই মধ্যে থাকা ক্রিয়েটরদের ওপর নতুন নিয়মের কোনো প্রভাব পড়বে না।

এদিকে, শর্টস ক্রিয়েটরস পুল থেকে আয় করতে হলে ক্রিয়েটরদের ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি শর্টস ভিউ ধরে রাখতে হবে। কোনো চ্যানেল এই সীমার নিচে নেমে গেলে তারা পার্টনার প্রোগ্রামে থাকবেন এবং দীর্ঘ ভিডিও থেকে আয় চালিয়ে যেতে পারবেন। পরে আবার ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউয়ের সীমা অতিক্রম করলে শর্টস থেকেও আয় শুরু হবে।

ইউটিউব বলছে, প্ল্যাটফর্মটির ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে এসব পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০০ বিলিয়নেরও বেশি শর্টস দেখা হয়। পাশাপাশি টেলিভিশনে প্রতিদিন এক বিলিয়ন ঘণ্টারও বেশি সময় ইউটিউব ভিডিও দেখা হচ্ছে।

নতুন নিয়মের ফলে ক্রিয়েটরদের জন্য ইউটিউবের মনিটাইজেশন প্রোগ্রামে প্রবেশ করা এবং সেখানে টিকে থাকা আরও কঠিন হতে পারে। বিশেষ করে শর্টস নির্মাতাদের ওপর এর প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, প্ল্যাটফর্মে আয় শুরু করার আগে নিয়মিত বিপুলসংখ্যক দর্শক ধরে রাখার সক্ষমতা দেখাতে হবে তাদের। এতে নতুন ক্রিয়েটরদের কনটেন্ট থেকে আয় করা কঠিন হয়ে উঠতে পারে।

ঘোষণায় ইউটিউব আরও জানিয়েছে, তাদের তুলনামূলক কম খরচের প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন সেবা ইউটিউব প্রিমিয়াম চালু থাকা সব দেশে সম্প্রসারণ করা হচ্ছে।

ক্রিয়েটরদের দেখার সময় ও ভিউয়ের ভিত্তিতে এই সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ দেয়া হবে। এর মধ্যে দীর্ঘ ভিডিও নির্মাতারা পাবেন ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতারা পাবেন ৪৫ শতাংশ।

ইউটিউব বলছে, নতুন প্রিমিয়াম গ্রাহক যুক্ত হওয়ার ফলে ক্রিয়েটরদের আয়ও বাড়তে পারে। কোনো ব্যবহারকারী প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে বিজ্ঞাপন দেখার সময়ের তুলনায় পার্টনাররা গড়ে বেশি আয় করেন।

প্রিমিয়াম লাইটের মাধ্যমে বেশিরভাগ ভিডিও বিজ্ঞাপন ছাড়াই দেখা যায়। পাশাপাশি ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা এবং ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধাও রয়েছে।

ইউটিউবই অবশ্য একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম নয়, যারা ক্রিয়েটরদের আয় ও পুরস্কারের নিয়ম পরিবর্তন করছে। সপ্তাহান্তে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সও ক্রিয়েটরদের অর্থ দেয়ার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। নতুন নির্দেশনায় শুধু মৌলিক কনটেন্টকে পুরস্কারের আওতায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এছাড়া চলতি বছরের শুরুতে ফেসবুকও টিকটক ও ইউটিউব থেকে ক্রিয়েটরদের আকৃষ্ট করতে নতুন মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading