ওমান উপসাগরে মালবাহী জাহাজে আমেরিকার মিসাইল হামলা
উত্তরদক্ষিণ। বুধবার, ১২ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৩৬
ওমান উপসাগরে ইরানের ওপর আমেরিকান অবরোধ অমান্য করায় একটি মালবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা। এদিকে, আমেরিকা-ইরান যুদ্ধ বন্ধ ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
মঙ্গলবার (১১ আগস্ট) ওমান উপসাগর হয়ে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিলো পানামার পতাকাবাহী এমভি ভেলা নোভা নামের কার্গো জাহাজটি। প্রথমে জাহাজটিকে মার্কিন নৌবাহিনী চলে যাওয়ার নির্দেশ দিলে তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। নির্দেশ অমান্য করায় একটি হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে দুটি হেলফায়ার মিসাইল নিক্ষেপ করে মার্কিন নৌবাহিনী। মিসাইলের আঘাতে জাহাজটির স্টিয়ারিং গিয়ার পুরোপুরি বিকল হয়ে সাগরে আটকা পরে যায়।
এদিকে, তেহরানে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। মার্কিন আমেরিকা এবং ইরানের মধ্যকার চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের সব শর্ত আমেরিকা মেনে না নিলে হরমুজ প্রণালী খুলে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
ইউডি/রেজা

