শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ইন্ডিয়ায় যেতে পারবেন না: নাহিদ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:২০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন রূপরেখা নির্ধারণের প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ইন্ডিয়ায় যেতে পারবেন না।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট ইন্ডিয়ায় যে প্রেস কনফারেন্স হয়েছে, সেটা নিয়ে তারেক রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকেও স্পষ্ট জবাব দিতে হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে নতুনভাবে নিরূপণ হবে—এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না।’
ভারতে আওয়ামী লীগের ওই সংবাদ সম্মেলনের প্রসঙ্গে নাহিদ বলেন, ‘দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে, এটা অবশ্যই ইন্ডিয়া সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই হয়েছে। ফলে দিল্লি থেকে আওয়ামী লীগ যা কিছু বলছে, শেখ হাসিনা যা কিছু বলছে, এটাকে শেখ হাসিনার ভাষ্য হিসেবে নিলে ভুল করা হবে। এটাকে নিতে হবে দিল্লির ভাষ্য, এটা ইন্ডিয়ার ভাষ্য।’
তিনি বলেন, ‘ইন্ডিয়া এই বার্তাটা বাংলাদেশকে দিতে চাচ্ছে। ফলে ইন্ডিয়া তার কাজ করে যাবে।’ নাহিদ ইসলাম বলেন, কয়েক দিন আগে তারেক রহমানের সঙ্গে ইন্ডিয়ান হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, ওসমান হাদির হত্যায় জড়িতদের প্রত্যর্পণ ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। তবে ইন্ডিয়ান হাইকমিশনারের বক্তব্যে এ বিষয়ে কোনো কিছু পাওয়া যায়নি।
৫ আগস্ট ইন্ডিয়ায় আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল। তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল। বাংলাদেশ সরকারের শুধু একটা প্রেস বিজ্ঞপ্তি না, খুবই কঠোরভাবে তাদের ডেকে এনে শাসানো উচিত ছিল এবং সেই জবাবদিহিতা চাওয়া উচিত ছিল—কেন এই ধরনের প্রেস কনফারেন্স, কীভাবে সংগঠিত হয়।’
ইউডি/এবি

