ফল আমদানির শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা প্রত্যাহার
উত্তরদক্ষিণ। রবিবার (১৬ আগস্ট) ২০২৬, আপডেট ২২:০০
ফল আমদানিতে শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও রিজার্ভ স্থিতিশীল হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত দিয়ে রবিবার কেন্দ্রীয় ব্যাংক বলছে, এখন থেকে ফল আমদানিতে নগদ মার্জিন হার নির্ধারিত হবে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে।
বিদেশি মুদ্রা সাশ্রয় ও নিত্যপণ্যের বাইরে আমদানি কমিয়ে আনতে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিন আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বিদেশি ফল আমদানিতে ব্যবসায়ীরা কোনো প্রকার ঋণ সুবিধা পেতেন না। পুরো অর্থ নগদ আকারে পরিশোধ করতে হতো।
নতুন সিদ্ধান্ত জানিয়ে ব্যাংকগুলোকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, জনসাধারণ বিশেষ করে শিশু, রোগী, বৃদ্ধ ও গর্ভবতী মায়ের নিত্যদিনের খাদ্য তালিকায় ফল একটি অপরিহার্য পুষ্টিকর খাদ্য উপাদান হিসেবে বিবেচনা করা হয়।
‘‘বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও লেনদেনে কাঙ্খিত স্থিতিশীলতা থাকায় ফলের আমদানি ঋণপত্রে শতভাগ মার্জিনের প্রয়োজনীয়তা কমেছে।”
ইউডি/এবি

