ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানি, দক্ষিণ সিটিতে সুপারভাইজারকে অব্যাহতি

ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানি, দক্ষিণ সিটিতে সুপারভাইজারকে অব্যাহতি

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, আপডেট ১২:১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন নিয়ে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর করপোরেশনের অঞ্চল-৪ এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর কর কর্মকর্তা মোহা. আবু নাসের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৬ আগস্ট বেলা ১১টায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা এবং ডিসিসিআইয়ের নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন তাৎক্ষণিক (অনস্পট) ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নসংক্রান্ত একটি রাজস্ব ক্যাম্প চলাকালীন দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদ বেশকিছু সংখ্যক ব্যবসায়ীর কাছ থেকে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার কথা বলে নগদ অর্থ গ্রহণ করেন। কিন্তু অর্থবছর শেষ হলেও দেড় মাসের বেশি সময় পরও আদায়ভুক্ত ট্রেড লাইসেন্সগুলো নবায়ন করেননি।

এতে ভুক্তভোগী ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির অফিসে একাধিকবার অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে মোস্তফা নূরউদ্দিন আহমেদের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি আজ দেবেন, কাল দেবেন বলে টালবাহানা ও সময়ক্ষেপণ করেছেন বলে অভিযোগ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আলী ভুট্টোকে অভিযোগের বিষয়ে অবহিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক মোস্তফা নূরউদ্দিন আহমেদকে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading