ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন : ভোট দেবেন ৫৪ হাজার শিক্ষার্থী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন : ভোট দেবেন ৫৪ হাজার শিক্ষার্থী

উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, আপডেট ১২:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন করা রাজধানীর সাত কলেজ শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক মাইগ্রেশনে সিদ্ধান্ত নিতে মতামত বা ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সাত কলেজের ২০২১–২০২২, ২০২২–২০২৩ এবং ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের ৫৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য অংশ নিতে পারবেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে অনলাইনে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে আগামী ১৯ আগস্ট রাত ১০টায়।

মতামত প্রদানের পূর্বে সাত কলেজ শিক্ষার্থীদের তথ্য যাচাই ও পরিচয় নিশ্চিতের মাধ্যমে সুষ্ঠু পদ্ধতিতে বিশেষ প্রক্রিয়ায় ভোট প্রদান করতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে যে–কোনো সমস্যা বা ত্রুটির জন্য ই–মেইল : dcuhelpline@gmail.com ও হোয়ার্টসএপস 01354558915 নাম্বারে যোগাযোগ করতে হবে।

অ্যাকাডেমিক মাইগ্রেশন বিষয়ক ভোট প্রদানের জন্য প্রথমে https:/vote.dcu.ac.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর শিক্ষার্থী যাচাই ফর্ম পূরণ করতে হবে। সেখানে রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ (সেশন), কলেজ, বিষয়, জন্মতারিখ এবং ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে। এরপর সিস্টেমে দেওয়া তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেটাবেজের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। তথ্য না মিললে পুনরায় যাচাই ফর্মে ফিরে গিয়ে সঠিক তথ্য দিতে হবে।

তথ্য সঠিকভাবে মিলে গেলে পরবর্তী ধাপে শিক্ষার্থীর তথ্য নিশ্চিত করতে হবে। এ পর্যায়ে প্রদর্শিত পরিচয় ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ভালোভাবে যাচাই করে নিশ্চিত হতে হবে যে, তথ্যগুলো নিজেরই। এরপর আসবে ওটিপি যাচাইয়ের ধাপ। শিক্ষার্থীর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ছয় সংখ্যার ওটিপি নির্ধারিত ঘরে প্রবেশ করিয়ে যাচাই করতে হবে। ওটিপি সঠিক না হলে পুনরায় ওটিপি যাচাইয়ের ধাপে ফিরে যেতে হবে।

ওটিপি সফলভাবে যাচাই হওয়ার পর মতামত নির্বাচন করার সুযোগ পাওয়া যাবে। সেখানে প্রদর্শিত তিনটি মতামতের মধ্যে একটি নির্বাচন করতে হবে— ‘হ্যাঁ, মাইগ্রেশন করতে চাই’, ‘না’ অথবা ‘মন্তব্য নেই’। নিজের অবস্থান অনুযায়ী যে–কোনো একটি মতামত নির্বাচনের মাধ্যমে ভোট প্রদানের মূল মতামত অংশ সম্পন্ন হবে। ভোট প্রদান শেষে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা রেফারেন্স কোড প্রদান করবে কর্তৃপক্ষ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের ভোট দেওয়ার সময় রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ওটিপি-সহ ব্যক্তিগত তথ্য সঠিকভাবে দেওয়ার পাশাপাশি প্রতিটি ধাপে প্রদর্শিত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। বিশেষ করে ওটিপি অবশ্যই নিজের নিবন্ধিত মোবাইল নম্বরে পাওয়া কোড অনুযায়ী দিতে হবে।

প্রসঙ্গত, রাজধানীর সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের শিক্ষা মানোন্নয়নের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করে সরকার। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাকাডেমিক মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সাত কলেজ শিক্ষার্থীদের মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অ্যাকাডেমিক মাইগ্রেশন সম্পন্ন হলে পরীক্ষা, ফলাফল প্রকাশ ও সেশনজট নিরসনে দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading