দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:১২
ডারউইন টেস্টের আমেজ ছড়িয়ে পড়েছে ম্যাকেতেও। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ শেষ হওয়ার আগেই দুই দলের দ্বিতীয় টেস্ট ঘিরে বাড়তে শুরু করেছে উত্তেজনা। এমনকি ম্যাচ শুরুর আগেই প্রথম দিনের সব পাবলিক টিকিট বিক্রি হয়ে গেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ম্যাকের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট এখন ‘সোল্ড আউট’। একই সঙ্গে বাকি দিনের টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে বলে দর্শকদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছে তারা।
আগামী ২২ আগস্ট ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আর ম্যাচটির আবহ যে ডারউনের ঐতিহাসিক জয়ের পর আরও বদলে গেছে, প্রথম দিনের টিকিট বিক্রির চিত্রই তার বড় প্রমাণ।
ডারউনে বাংলাদেশ শুধু জেতেনি, জিতেছে দাপটের সঙ্গে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে থামিয়ে বাংলাদেশ করেছে ৪২৬। ফলে ২২৮ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ২৮৪ রানে গুটিয়ে দিয়ে জয়ের জন্য পাওয়া ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়েই পেরিয়ে যায় বাংলাদেশ। ৯ উইকেটের সেই জয়ই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
ঐতিহাসিক এই জয়ে ম্যাচসেরা হয়েছিলেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন এই পেসার। প্রথম ইনিংসে তাঁর ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩টি। তাঁর সঙ্গে তাসকিন, ইবাদত ও স্পিনারদের কার্যকর বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং বারবার চাপে পড়েছে।
ব্যাট হাতেও কম যায়নি বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের গুরুত্বপূর্ণ ইনিংস এবং মেহেদী হাসান মিরাজের লড়াকু ব্যাটিংয়ে ৪২৬ পর্যন্ত পৌঁছে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে বল হাতেও পাঁচ উইকেট নিয়ে দলের জয়ের পথ আরও সহজ করেন মিরাজ।
ডারউনের জয় তাই এখন শুধু একটি ম্যাচের ফল নয়, সেটিই যেন ম্যাকের দ্বিতীয় টেস্টের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে। এক ম্যাচে সিরিজে এগিয়ে বাংলাদেশ। আরেকটি জয় মানেই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়। সেই ইতিহাসের সাক্ষী হতে প্রথম দিনেই গ্যালারি ভরতে চলেছে দর্শকে।
ইউডি/রেজা

