প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, আপডেট ১০:১৭

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে পুলিশি পাহারায় ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ডা. দীপু মনির ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে। প্যারোলের সময় ডা. দীপু মনি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে এবং দাফন কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে ডা. দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন। পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বুধবার জানান, তারা চারদিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন। তবে, জেলা ম্যাজিস্ট্রেট ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।

আইনজীবী জানান, প্যারোলের পুরো সময় ডা. দীপু মনি পুলিশ পাহারায় থাকবেন। স্বামীর দীর্ঘদিন অসুস্থতার সময় কারাগারের বাইরে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্ত হয়ে তার মরদেহ দেখার সুযোগ পেলেন সাবেক এই শিক্ষামন্ত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading