রহস্যজনকভাবে সালমান শাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, আপডেট ১৫:৩৫
চিত্রনায়ক সালমান শাহ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদকে হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম।
আলমগীর কুমকুম বলেন, রহস্যজনকভাবে মামলার তদন্তকর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয় এর আগে সিআইডি প্রধানকেও পরিবর্তন করা হয়। কিন্তু একজন তদন্তকর্মকর্তা যখন একটি মামলা নিয়ে কাজ শুরু করেন মোটামুটি অনেকটা পথ অতিক্রম করার পর তাকে পরিবর্তন করে দেয়া হয়। এটা কেমন আইন? আবার নতুন কেউ এসে শুরু থেকে শুরু করেন। হঠাৎ করে দেখা যায় কিছু দিন পর তিনিও পরিবর্তন। এভাবে একটা মামলা বছরের পর বছর নিয়ে যাওয়া হয় কৌশলে, মামলার মেরিট নষ্ট করে দেয়া হয়।
সালমানের মামা সরকারের কাছে দাবি করেন, কোনো মামলার তদন্তকর্মকর্তা দায়িত্ব পালনকালে যেন বদলি বা ওই কাজ থেকে অব্যহতি না দেয়া হয়। হাতে থাকা সমস্থ মামলা শেষ করার পর তাকে পরিবর্তন করা হোক। তাহলে অনেকাংশে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং মামলার গতিও থাকবে।
পরিবর্তনের বিষয়ে তদন্তকর্মকর্তা জিয়াউল মোর্শেদকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
ইউডি/কেএস

