চাঁদা না দেওয়ায় হামলা: কালাইয়ায় ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ

চাঁদা না দেওয়ায় হামলা: কালাইয়ায় ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, আপডেট ১৮:৫৫

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে’—এমন অভিযোগ তুলে পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালাইয়া সুন্দরী সিনেমা হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে আড়াই শতাধিক ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

‎কর্মসূচিতে ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজি ও ভয়ভীতির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে চাঁদাবাজি বন্ধ, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎ব্যবসায়ীদের অভিযোগ, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ইয়াছিন হাওলাদার, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান, সোহানসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

‎গুড় ব্যবসায়ী আমিনুল ইসলাম অভিযোগ করেন, বুধবার বিকেলে ল্যাংড়া মুন্সির সেতু এলাকায় তাকে মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

‎অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইয়াছিন হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

‎বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading