ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকা ডুবে নিখোঁজ ১৩

ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকা ডুবে নিখোঁজ ১৩

উত্তরদক্ষিণ। শনিবার, ২২ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:০০

ভূমধ্যসাগর দিয়ে ইতালির দিকে যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলের কাছে একটি অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছেন।

এ সময় উদ্ধারকর্মীরা দুজনকে উদ্ধার করেছে বলে শনিবার (২২ আগস্ট) একটি অভিবাসী অধিকারকর্মীদের একটি সংগঠনের প্রধান জানিয়েছেন। খবর রয়টার্সের।

তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর প্রধান মোস্তফা আবদেল কেবির রয়টার্সকে জানান, নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

উদ্ধার হওয়া দুজনের একজন জানান, নৌকাটি উলটে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। উদ্ধার হওয়া আরেক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবদেল কেবির।

একসময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ছিল অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। তবে গত দুই বছরে দেশটি থেকে অভিবাসীদের যাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

এর পেছনে রয়েছে সরকারের কঠোর অভিযান এবং সমুদ্রে নজরদারি বৃদ্ধি। ইউরোপীয় অর্থায়নে বিশেষ করে ইতালির সহায়তায় আধুনিক সীমান্ত নজরদারি সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে।

তবে গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েক ডজন মানবাধিকার সংগঠন অভিযোগ করে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন চুক্তির কারণে দেশটিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর গুরুতর নির্যাতন আরও বেড়েছে এবং তা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

সংগঠনগুলো তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে ইইউর অর্থায়ন বন্ধের আহ্বান জানায়।

তিউনিসিয়া এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সরকার বারবার বলে আসছে, বিপুলসংখ্যক অভিবাসীর চাপের বড় অংশ তাদেরই বহন করতে হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading