ভিনিসিয়ুসকে নিয়ে ভোল পাল্টালেন মরিনিয়ো

ভিনিসিয়ুসকে নিয়ে ভোল পাল্টালেন মরিনিয়ো

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, আপডেট ১১:২০

কয়েক মাস আগে ভিনিসিয়ুস জুনিয়রের কড়া সমালোচনা করেছিলেন হোসে মরিনিয়ো। তখন পর্তুগিজ কোচ ছিলেন বেনফিকার ডাগ আউটে। চ্যাম্পিয়নস লিগ প্লে অফে ‘ঈগল’ ভক্তদের সামনে নেচে তার নিন্দার শিকার হন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড। সেই ভিনিসিয়ুসের পাশে এবার দাঁড়ালেন মরিনিয়ো।

লা লিগায় শনিবার সন্ধ্যায় এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর ‘বুলিংয়ের’ শিকার ভিনিসিয়ুসকে সমর্থন দিলেন রিয়াল কোচ। পুরো ম্যাচজুড়ে স্বাগতিক দলের খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, বিশেষ করে ক্যালাত্রাভার সঙ্গে। ৩২তম মিনিটে দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসকে নিয়ে কথা বলতে গিয়েই বেনফিকার কোচ থাকাকালীন দেওয়া বক্তব্য নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মরিনিয়ো। তিনি বলেন, ‘আমি জানি একটা ঝুঁকি আছে যে আপনারা কয়েক মাস আগের আমার মন্তব্যগুলো খুঁজে বের করবেন, যখন আমি ভিনির বিরোধী ছিলাম। এখন ভিনি আমার খেলোয়াড়। সে কোনো সাধু নয়, কিন্তু প্রথম মিনিট থেকেই তার সাথে যা করা হয় তা সব সীমা ছাড়িয়ে যায়।’

তিনি যোগ করলেন, ‘এটা এমন এক ধারা যে প্রতিপক্ষের একজন খেলোয়াড় থেকে আরেকজন খেলোয়াড়ের কাছ থেকে বারবার ঘটে, আমি প্রথমে তাকে ফাউল করলাম, তারপর তুমি তাকে ফাউল করো এবং যদি তাকে ফাউল করে তুমি হলুদ কার্ড দেখ এবং যদি আরেকজন কোনো কার্ড ছাড়াই বদলি নামে, সে তাকে ফাউল করে। তাকে (ভিনিসিয়ুস) অবশ্যই প্রবল আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।’

মাঠে ভিনিসিয়ুসকে মরিনিয়ো পরামর্শ দিয়েছেন, ‘আমি তাকে বলেছি যে সে যদি গোল করে তাহলে যেন উদযাপন সতর্কতার সঙ্গে করে।’ এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমরা বুলিংয়ের বিরুদ্ধে লড়াই করা একটি সামাজিক যুগে বাস করি। কিন্তু ভিনির ক্ষেত্রে এখনও বুলিংয়ের যুগে আমরা বাস করছি, যেখানে প্রতিপক্ষ ও দর্শকরা তাকে বুলিং করে যায়। আমাদের তাকে যথাসম্ভব শিক্ষিত ও প্রস্তুত করতে হবে, এটাই আসল কথা।’

লিগের প্রথম ম্যাচে রিয়াল নবম মিনিটে জুড বেলিংহামের গোলে এগিয়ে যায়। আরসিডিই স্টেডিয়ামে ক্যালাত্রাভা এস্পানিওলকে সমতায় ফেরান। বদলি নেমে কার্লোস এস্পি ৯০তম মিনিটে জয়সূচক গোল করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading