সবাইকে সঙ্গে নিয়ে কজের প্রত্যয় মঈন খানের
উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, আপডেট ১৩:৫৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রেখে দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
সচিবালয়ে প্রথম কর্মদিবসে সকাল ৯টার পর মন্ত্রণালয়ে আসেন নবনিযুক্ত মন্ত্রী। পরে সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঈন খান বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর একই দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রী হিসেবে শপথ নেন এবং তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার আজ রবিবার প্রথমবারের মতো সচিবালয়ে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ড. মঈন খান।
ইউডি/রেজা

