স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে!

স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:৩৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তানিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে উপস্থিত হয়ে তানিয়া জামিন আবেদন করলে বিচারক আরিফ হোসেন জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দির সারুটিয়া গ্রামের তানিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় সাখাওয়াতের পরিবার তানিয়াকে স্বর্ণালংকার ও নানা উপহার প্রদান করে।

তবে বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না দিলে সংসার করবেন না বলে বাপের বাড়ি চলে যান। পরবর্তীতে সালিশ বৈঠক হলেও যৌতুকের দাবি অনড় থাকায় সাখাওয়াত বাদী হয়ে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা (সি.আর. নম্বর-৪০/২৬) দায়ের করেন।

বাদী সাখাওয়াত হোসেন জানান, পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।

বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান গোলাম মোস্তফা ও নাজমুল হাসান জানান, পূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তানিয়া সংসার করার শর্তে জামিন পেয়েছিলেন। পরবর্তীতে লিগ্যাল এইডসহ উভয়পক্ষের আইনজীবীদের মাধ্যমে একাধিক আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তিনি সংসার করতে অস্বীকৃতি জানান। মীমাংসার উদ্যোগ ব্যর্থ হওয়ায় আদালত আজ তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন।

মামলার অভিযোগের বিষয়ে আসামিপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading