ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, আপডেট ১৯:১৯
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন সংগীত তারকা বিয়ন্সে নোলস। দেশটির চোকো অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবরের মধ্যে তিনি ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে বিয়ন্সের দেওয়া অর্থ ব্যবহার করা হবে। বিশেষ করে খাবার ও অস্থায়ী আবাসনের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে এই অর্থ ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কলম্বিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং বিপুলসংখ্যক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে সহায়তার আহ্বানও জোরালো হয়েছে।

বিয়ন্সের পক্ষ থেকে দেওয়া সহায়তার ঘোষণা দুর্যোগকবলিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। ক্ষতিগ্রস্ত স্কুলগুলো পুনর্নির্মাণের জন্য তিনি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শিশুদের দ্রুত স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে স্কুল পুনর্গঠনকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।
শাকিরা বলেছেন, দুর্যোগের পর শিশুদের জন্য স্থিতিশীলতা ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার ক্ষেত্রে স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের মাধ্যমে শিশুদের আবার শ্রেণিকক্ষে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
তবে বিয়ন্সের ঘোষিত অনুদান নিয়ে তার নিজের কোনো বিস্তারিত বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি।
ইউডি/রেজা

